আমাদের প্রিয় বিদ্যাপীঠ
আমাদের বিদ্যালয়ের নাম আর এম হাট কে উচ্চ বিদ্যালয়’। এটি ফেনী জেলার মধ্যে স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান।
পরিবেশ :
গ্রামের একমাত্র জনৈক ধনাঢ্য ব্যক্তির আর্থিক অনুদানে আমাদের বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এরপর এটি সরকারিকরণ করা হয়। চারদিক খোলা এবং উত্তর পাশ দিয়ে একটি খাল বয়ে গেছে। বিদ্যালয়ের সামনে বিরাট একটি মাঠ। সেখানে আমরা বিকালে খেলাধুলা করি। বিদ্যালয়ের একপাশে একটি নারিকেল আর সুপারির বাগান আছে । প্রধান শিক্ষকের কক্ষের সামনে একটি ফুলের বাগান রয়েছে।
বিদ্যালয় গৃহের বর্ণনা :
আমাদের বিদ্যালয়টি দুই তলাবিশিষ্ট ‘এল’ আকৃতির পাকা ভবন। নিচের তলায় রয়েছেপ্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কক্ষ। উপরের তলায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষ। লাইব্রেরিটি রয়েছে দোতলার পূর্ব পাশে। বিদ্যালয়ের মূল ভবনটি দক্ষিণমুখী।
ছাত্র-শিক্ষক সংখ্যা :
আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট নয়জন শিক্ষক আছেন। মোট ছাত্র সংখ্যা সাত শ’ জন। প্রত্যেক শ্রেণিতে একাধিক শাখা আছে। বিদ্যালয়ের শিক্ষকগণ সবাই উচ্চ শিক্ষিত, সৎ ও পরিশ্রমী। শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষার পাশাপাশি আচার-ব্যবহার, আদব-কায়দা শেখানোর বিষয়েও শিক্ষকগণ খুব যত্নবান। আমরাও অন্তর দিয়ে তাঁদের শ্রদ্ধা ও ভক্তি করি। আমাদের প্রধান শিক্ষক একই সঙ্গে সুযোগ্য শিক্ষক ও দক্ষ পরিচালক। তাঁর সুযোগ্য পরিচালনায় বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বেড়েই চলেছে।
সহপাঠ কার্যক্রম :
লেখাপড়ার পাশাপাশি আমাদের চরিত্র গঠন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ সর্বদা সচেষ্ট। এছাড়া এখানে কবিতা আবৃত্তি, বিতর্ক, নাচ, গান ইত্যাদির চর্চাও হয়। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপিত হয়।
বিদ্যালয়ের ফলাফল :
আমাদের বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। প্রতি বছর বৃত্তি পরীক্ষায় বেশ কয়েকজন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আসছে।
